মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের বক্তব্য ভুল সম্পাদনার দায়ে পদত্যাগ বিবিসি-র দুই পদস্থ আধিকারিকের

Spread the love

রোজদিন ডেস্ক : 
মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের বক্তব্য ভুল সম্পাদনার দায়ে নজিরবিহীনভাবে
পদত্যাগ করলেন বিবিসি-র দুই পদস্থ আধিকারিক। তাঁরা হলেন নামী এই প্রচার মাধ্যমের মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস।
সূত্রের খবর, মার্কিন রাষ্ট্রপতির বক্তৃতার দুটি অংশ তাঁরা এমন ভাবে সম্পাদনা করেছিলেন,যাতে মনে হয় তিনিই ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলের দাঙ্গাকে মদত দিয়েছিলেন। যা নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। নানা ধরনের বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিবিসি র এই দুই আধিকারিকের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ট্রাম্পও।
যদিও পদত্যাগী বিবিসি মহা পরিচালক ডেভি বলেন, অন্য সরকারি সংস্থাগুলির মত বিবিসিও নিখুঁত নয় ঠিকই, কিন্তু তাঁদের অবশ্যই স্বচ্ছ, উন্মুক্ত ও জবাবদিহিমূলক হওয়া দরকার। ট্রাম্পের বক্তব্য ভুল সম্পাদনা নিয়ে বিতর্ক তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেললেও এটিই তাঁর পদত্যাগের একমাত্র কারণ নয়। তবে মহাপরিচালক হিসাবে এই দায়িত্ব তাঁকেই নিতে হবে বলে ডেভি জানান।
অন্যদিকে বার্তা প্রধান টারনেস জানান,প্যানোরামা বিতর্ক এমন জায়গায় গেছে যা বিবিসি-র ক্ষতি করছে, এই দায়িত্ব তাঁরই।
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম সেরা সংবাদ মাধ্যম বিবিসি-র দুই শীর্ষ আধিকারিকের এই নজিরবিহীন পদত্যাগে বিস্মিত সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*