ফের বৃষ্টির ভ্রুকুটি মহানগরে। দুপুরেই নামল আঁধার। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টি শুরু হতেই উৎসবের মরশুমে ফের জলবন্দী হওয়ার আশঙ্কায় শঙ্কিত মহানগর। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায়। দীর্ঘ সময় বৃষ্টি না হলে শহরে জল জমার সম্ভাবনা নেই বললেই চলে। রাত পোহালেই মহালয়া। তার আগেই আবারও বৃষ্টিতে পুজোর শপিংয়ের দফারফা ভেবে মন খারাপ উৎসবপ্রিয় বাঙালির।
পুজোতেও কি জল ঢালতে চলেছে অসুররূপে জল ঢালতে চলেছে বৃষ্টি? উৎসবের মুখে রাজ্যবাসীর মনে এখন এই একটাই প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ছাড়াও আজও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে বাড়তে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আলিপুর আবহাওয়াা দফতর সূত্রে খবর, পুজোয় বৃষ্টিপাত হবে কিনা তা এখন থেকে স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত পুজোর সময় তৈরি হবে না, একথাও জোর দিয়ে বলা যাচ্ছে না। আপাতত নিম্নচাপ দুর্বল হওয়ায় বৃষ্টি কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃষ্টি ছাড়াও জলজমা নিয়েও উদ্বিগ্ন শহরবাসী। দিনকয়েক আগেই লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় কলকাতার অধিকাংশ অঞ্চল। বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে শেষ সপ্তাহে তিনদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মোট ১৪ জনের মৃত্যু হয়।

Be the first to comment