রোজদিন ডেস্ক, কলকাতা:- যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ধর্মগুরু কার্তিক মহারাজের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাস্তায় নামলেন মুর্শিদাবাদের নবগ্রামের মহিলারা। এদিন সকালে নবগ্রাম থানার সামনে ঝাঁটা হাতে অবস্থান বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মহিলা।

নবগ্রাম থানা চত্বরে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ। প্রতিবাদীদের দাবি, দীর্ঘদিন ধরেই কার্তিক মহারাজ তাঁর আশ্রমের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন।’ধর্মের নামে অপরাধ বন্ধ হোক’, ‘কার্তিক মহারাজের শাস্তি চাই’— এলাকার মহিলাদের এই ছিল স্লোগান।

নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে মহিলাদের দাবি, অবিলম্বে অভিযুক্তের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। থানার সামনে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, কার্তিক মহারাজের আশ্রমের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের বক্তব্য, “এটি উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত। মহারাজ কোনও অনৈতিক কাজে লিপ্ত নন।”
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মহিলাদের একাংশ বলেন, “এফআইআর হওয়ার পরেও অভিযুক্ত কেন মুক্ত? যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা আরও বড় আন্দোলনে সামিল হব।”

Be the first to comment