রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ৭ই জুন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও পালন হবে ইদুজ্জোহা। সেই আবহেই সকলকে সম্প্রীতির বার্তা জানিয়ে বিবৃতি দেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু।
এদিন এক প্রেস বিবৃতিতে তিনি জানান, “আগামী ৭ই জুন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও ইদুজ্জোহা পালিত হবে। রাজ্যের ঐতিহ্য অক্ষুন্ন রেখে সম্প্রীতি ও সৌহার্দোর পরিবেশে এই উৎসব পালন করার জন্য বামফ্রন্ট রাজ্যের সব অংশের জনগণের কাছে আবেদন জানাচ্ছে।”
সেখানে তিনি আরোও লেখেন, “সারা দেশে এবং আমাদের রাজ্যেও বিভাজনের শক্তি মানুষের সঙ্গে মানুষের ঐক্য ও সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করতে তৎপর। এই পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখার জন্য সচেতন ও সতর্ক থাকার জন্য সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে বামফ্রন্ট আহ্বান জানাচ্ছে।”
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “বামফ্রন্টের শরিক দলগুলির নেতৃত্ব ও কর্মীদের এক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই প্রীতির পরিবেশে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকল মানুষ যাতে এই উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। রাজ্য প্রশাসনের কাছেও বামফ্রন্ট নিরাপত্তা ও শান্তির পরিবেশ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবার জন্য আবেদন জানাচ্ছে।”

Be the first to comment