রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘ ৪১ বছর পরে ভারতীয় হিসেবে মহাকাশে উড়ান দিয়েছেন শুভাংশু শুক্লা। পৃথিবীর মাটি ছাড়ার পরে, মহাকাশ থেকে তাঁর প্রথম লাইভ কলে জানালেন প্রথম অভিজ্ঞতা। তিনি বললেন, ‘যেন ছোট এক শিশু টলমল পায়ে হাঁটতে শিখছে… এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’
তাঁর কথায়, ‘আমি এখনও শিখছি কীভাবে চলাফেরা করতে হয়, কীভাবে শরীরকে নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক যেন এক শিশুর মতো হাঁটা শিখছি। কিন্তু আমি প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করছি।’
লাইভ কলে শুভাংশু শুক্লা আরও জানান, এই মিশন শুধু তাঁর ব্যক্তিগত যাত্রা নয়, এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর কথায়, ‘ভারতের মানব মহাকাশ কর্মসূচি এবং আসন্ন গগনযান মিশনের জন্য এটি একটি বড় অগ্রগতি। আমি চাই, দেশের প্রতিটি মানুষ যেন মনে করে, তিনিও এই অভিযানের অংশ।’ তিনি আরও বলেন, ‘এটা শুধু প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এই পুরো যাত্রার পিছনে যে মূল চিন্তা এবং এর যে উদ্দেশ্য, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Be the first to comment