আকাশের মুখ ভার! গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় বর্ষা; জমা জলে ভাসছে মহানগরী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা সহ একাধিক জেলায় টানা বৃষ্টিতে জল জমেছে রাস্তাঘাটে। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবারও থামেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলবেনা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিমের দিকে এগোচ্ছে, যার গন্তব্য ঝাড়খণ্ড ও উত্তর ছত্তীসগঢ়ের দিকে। সেই সঙ্গে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত একসঙ্গে মিলে বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া দফতর জানায়, পরবর্তী কয়েক দিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হবে ভারী বৃষ্টি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে বলেও সম্ভাবনা। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের অন্যান্য জেলাতেও। পাশাপাশি, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা জারি থাকবে। আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*