রোজদিন ডেস্ক, কলকাতা:- গুজরাটে ফের সেতু বিপর্যয়! তিন বছর পর ফের গুজরাটে ভেঙে পড়ল সেতু। বুধবার সকালে বডোদরায় মহীসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মধ্য গুজরাট এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা-মুজপুর এলাকায় মহীসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান ‘‘ওই সময় একটি ট্রাক, একটি ভ্যান এবং দু’টি গাড়ি সেতু দিয়ে যাচ্ছিল। সেতুর একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। ওই অংশে থাকা গাড়িগুলিও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। তবে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ মিলেছে আট জনের। আট জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বডোদরার পুলিশ সুপার (গ্রামীণ) রোহন আনন্দ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment