রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলায় শিক্ষা দুর্নীতি নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি বাতিল থেকে রাজ্যের শিক্ষায় একাধিক কেলেঙ্কারির মামলা নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করলেন তিনি।

বঙ্গ সফরে এসে দুর্গাপুরের মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন, ‘শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য দায়ী তৃণমূলের দুর্নীতি।’ এদিন তিনি বলেন, এ রাজ্যে যুব সমাজের অসহায় অবস্থার জন্য দায়ী রাজ্য সরকারই। তিনি আরোও বলেন, ‘এ রাজ্যে যুবসমাজের যা অবস্থা তা বদলাতে হলে দরকার সরকারের পরিবর্তন। প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক সব নষ্ট করে দিচ্ছে এই রাজ্য সরকার। এই যে হাজার হাজার শিক্ষকের চাকরি গেল, তার কারণ তৃণমূলের এই দুর্নীতি। এর জন্য হাজার হাজার পরিবারের উপর সঙ্কট নেমে এসেছে।’

এদিন দুর্গাপুরের মঞ্চ থেকে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকের অভাবে বর্তমানে স্কুলে যে লক্ষ লক্ষ পড়ুয়া পড়ছে, তাদের ভবিষ্যতও অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন অবস্থা হয়েছে যে কোর্ট পর্যন্ত বলছে এটা সিস্টেমেটিক ফ্রড। তৃণমূল বাংলার যুবসমাজের বর্তমান ও ভবিষ্যৎ-কে সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে।’


Be the first to comment