গোলাঘাটে ২০০০ পরিবার উচ্ছেদ করতে চলেছে অসম সরকার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বেআইনি ভাবে জবরদখল জমি থেকে উচ্ছেদ করতে উদ্যোগী অসম সরকার। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। অসমের গোলাঘাট জেলার প্রায় ২০০০ পরিবারকে উচ্ছেদ করতে চলেছে অসম সরকার। মোতায়েন করা হয়েছে প্রায় ১০০০ পুলিশ।

জেলার এক আধিকারিক জানান, বনদপ্তরের তরফে গোটা এলাকাকে ন’টি ব্লকে ভাগ করা হয়েছে। বাসিন্দাদের সাত দিনের মধ্যে ওই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্ছেদের জন্য ওই এলাকায় মোট ১৫০০ পুলিশ, কম্যান্ডো এবং বনদপ্তরের কর্মী মোতায়েন রয়েছে। আনা হয়েছে বুলডোজ়ারও।

সরকারি হিসেব অনুযায়ী অসমের গোলাঘাট জেলার উরিয়ামঘাট জেলার রেংমা সংরক্ষিত অরণ্যের প্রায় ১৫,০০০ বিঘা (প্রায় ৪,৯০০ একর) জমিতে বেআইনি ভাবে বাস করছিলেন প্রায় ২৭০০ পরিবার। তাঁদের মধ্যে সিংহভাগই বাঙালি মুসলিম। দু’টি পর্যায়ে অভিযান চালিয়ে ওই পরিবারগুলিকে উচ্ছেদ করা হবে। প্রথম পর্যায়ে ২০০০ মানুষকে উচ্ছেদ করা হবে বলে জানা গিয়েছে।

অসম সরকারের দাবি, এই এলাকায় যারা জমি দখল করে রেখেছেন তাঁরা অসমের নওগাঁও, মোরিগাঁও, শোনিতপুরের মতো এলাকার মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং বিহার থেকেও বেআইনি ভাবে পরিযায়ীরা এসে বাস করছেন ওই এলাকায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*