রোজদিন ডেস্ক : মাত্র দু’মাস সময়। এর মধ্যেই নজিরবিহীন সাফল্য পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। গত ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে চালু হয়েছিল এই প্রকল্প। এই প্রকল্পে আয়োজিত শিবিরের সংখ্যা এর মধ্যেই ২৬ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত শিবিরে অংশ নিয়েছেন সবমিলিয়ে ২ কোটি ৪ লক্ষ ৭৬ হাজার মানুষ। নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। তবে মানুষের আগ্রহ দেখে শিবিরের সংখ্যা ও সময়সীমা বাড়ানো হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে এই কর্মসূচি নিঃসন্দেহে অক্সিজেন জোগাবে রাজ্যের শাসকদলকে। সরকারি পরিষেবা প্রদানের পদ্ধতিতে আলাদা একটা ধারনা তৈরি করতেই এই কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী। মূল ভাবনা, বুথস্তরের মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা জানাবে প্রশাসনকে। প্রতিটি বুথের ছোটখাটো সমস্যা চিহ্নিত করে সেই বুথে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা দেওয়া হবে। ফলে পাড়াস্তরেই সমস্যার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যের মোট ৮০ হাজার বুথের এক-চতুর্থাংশে শিবির শেষ হয়েছে। সমস্যার কথা শোনার পাশাপাশি সমাধানের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে টাকা পাঠানো শুরু করেছে রাজ্য। সরকারি হিসেবে, গোটা কর্মসূচির জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। সরকার চাইছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে চিহ্নিত সমস্যাগুলির সমাধান করতে। সরকারি কর্তাদের দাবি, ১০ লক্ষ টাকা দিয়ে হয়তো বড় কোনও প্রকল্প করা সম্ভব নয়, কিন্তু বুথস্তরে মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে এটি যথেষ্ট কার্যকর হতে চলেছে। প্রতিটি শিবিরে উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা।প্রশাসনের পাশাপাশি শাসক দলও সাংগঠনিক ভাবে সক্রিয় রয়েছে এই কর্মসূচিতে। বিধানসভা ভোটের আগে নবান্ন এই বার্তা দিতে চায় যে, শুধু শোনাই নয়, মানুষের সমস্যা মেটাতেও তৎপর প্রশাসন।

Be the first to comment