রোজদিন ডেস্ক : কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিশিষ্ট কংগ্রেস নেতারা সংবিধান দিবসে একে রক্ষা করার জন্য দেশবাসীকে আহবান জানালেন। এই সংবিধান শুধু একটি বই না, তা সব নাগরিককে দেওয়া পবিত্র প্রতিশ্রুতি বলে জানান রাহুল গান্ধী।

প্রদেশ কংগ্রেস কার্যালয়ে রাজ্য সভাপতি শুভংকর সরকার সহ নেতারা এই উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। বিজেপি সংবিধান ধ্বংস করতে চায় বলে তোপ দাগেন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ এক বার্তায় বলেন, এই সংবিধান দরিদ্র ও বঞ্চিতদের রক্ষা কবচ। সব নাগরিকদের মর্যাদা রক্ষা করে। এই সংবিধান শুধুমাত্র একটি বই না, তা দেশের প্রতিটি নাগরিককে দেওয়া পবিত্র প্রতিশ্রুতিও। কে কোন ধর্মের, কোন জাতির, কোন রাজ্য, অঞ্চলের, কি তাঁদের ভাষা, কে ধনী, কে দরিদ্র, এই সব কিছুর উর্ধ্বে এই সংবিধান । যেখানে প্রত্যেকে সাম্য, সম্মান ও বিচার পায়।
রাহুল গান্ধী আরও বলেন, সব ভারতীয়র রক্ষাকবচ ও ঐক্য রক্ষায় এই সংবিধান। এখানে কোন রকম আঘাত তাঁরা বরদাস্ত করবেন না, যে কোন মূল্যে একে রক্ষা করতেই হবে। এবং সংবিধানের ওপর কোন রকম আক্রমণ এলে তিনি প্রথম এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে ঘোষণা করেন।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পৃথকভাবে এক বার্তায় সংবিধানের মৌলিক অধিকারগুলি রক্ষার আহবান জানিয়ে বলেন, সুবিচার, সাম্য, স্বাধীনতা, পারস্পরিক ভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র এর মূল কথা৷ এর প্রণেতা বি আর আম্বেদকর-কে উদ্ধৃত করে বলেন, সংবিধান শুধু একটি প্রশাসনিক নথি নয়, এটি জীবনের পথও। তিনি মহাত্মা গান্ধী, জহরলাল নেহরু, সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে তৎকালীন জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
কংগ্রেস আরও মনে করিয়ে দিয়েছে যে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর আম্বেদকর প্রণীত এই সংবিধানকে আরএসএস-এর আক্রমণের মুখে পড়তে হয়, যা গত কয়েক দশকেও বহাল আছে।
প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আজ সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার সংবিধাবের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহবান জানিয়ে বলেন, বিজেপি একে ধ্বংস করতে চায়৷ একমাত্র সংবিধানই দেশের সব ধর্মের মানুষকে ঐক্য, স্বাধিকার দিয়েছে। যে কোন মূল্যে একে রক্ষা করতে তিনি সবাইকে আহবান জানান।

Be the first to comment