রোজদিন ডেস্ক : ডিসেম্বরের মধ্যে শিলিগুড়ির সেবকে দ্বিতীয় করোনেশন সেতু নির্মাণের টেন্ডারের কাজ শেষ হয়ে যাবে। দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা এই দাবি করে জানান, এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। ইতিমধ্যেই এই সেতু-সহ সংযোগ কারী অ্যাপ্রোচ সড়কটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরও হয়ে গেছে। আগামী মাসের মধ্যেই এই দ্বিতীয় বিকল্প সেতুর টেন্ডারের কাজ হয়ে যাবে। নয়া এই সেতু তৈরি হয়ে গেলে পাহাড় সহ উত্তরবঙ্গই শুধু নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে রাজু বিস্তা জানিয়েছেন। সেবক থেকে শুরু হয়ে এই সেতু এলেনবাড়ি গিয়ে শেষ হবে। এই সেতু ও সংযোগকারী রাস্তাটি আগামী দিনে শিলিগুড়ি রিং রোড ও শিলিগুড়ি থেকে গোরক্ষপুরের সংযোগকারী এক্সপ্রেসওয়ে তৈরির ক্ষেত্রেও সহায়ক হবে।
দ্বিতীয় বিকল্প সেতু তৈরি হলে করোনেশন সেতুর চাপও কমবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।
এই নয়া সেতুর জন্য দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষ আন্দোলন করেছেন। পদ্মশ্রী করিমুল হক ও প্রধানমন্ত্রীর এই বিষয়ে দরবার করেছিলেন।
শিলিগুড়ির কাছে দৃষ্টি নন্দন এই সেতু পর্যটকদেরও অন্যতম আকর্ষণ। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতু এখন অনেকটাই দুর্বল হয়ে যাওয়ায় এর ওপর ভারী যানবাহন চলা নিষিদ্ধ হয়েছে। স্থানীয় মানুষ, ডুয়ার্সের অধিবাসীরা দীর্ঘদিন ধরে এর বিকল্প সেতুর দাবিতে আন্দোলন করেছেন। কেন্দ্রীয় সরকার তা মেনে নিয়েছে।
তাও এর কাজ শুরু ও শেষ না হওয়া অবধি স্থানীয় মানুষ এখনও এই নিয়ে আশ্বস্ত হতে পারেন নি। সাংসদ রাজু বিস্তা অবশ্য এই নিয়ে আশাবাদী।

Be the first to comment