“তোমাদের সঙ্গে সব আছে, কেবল মানুষ নেই”, তাহেরপুরে অভিষেকের নিশানায় বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক :  আইপ্যাকের অফিসে ইডির হানা প্রতিবাদে দুপুর থেকে সপার্ষদ শহরের রাজপথে নেমে পড়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার তাহেরপুরে সভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মতুয়াগড়ে গিয়ে আইপ্যাক ইস্যুতে প্রত্যাশিত ভাবে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড-ইন কমান্ড। তাহেরপুরের মঞ্চ থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন অভিষেক। বলেন, তোমাদের কাছে সব আছে, কেবল মানুষই নেই। তৃণমূলের কাছে কিছু নেই। কিন্তু মানুষ আছে। গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা বলবে। নির্বাচনে অমিত শাহ ভোট দেবে না, নরেন্দ্র মোদি ভোট দেবে না, মিডিয়ার লোক দেবে না। ভোট দেবে খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মা, বোন ও ভাইয়েরা। এমন ভাবে জবাব দেবেন যেন ওদের অহঙ্কার ভেঙে চুরমার হয়ে যায়। ইডির তল্লাশি প্রসঙ্গে অভিষেক বলেন, এরা প্রয়োজনে আইপ্যাককে ব্যবহার করবে। ওরা ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। কিন্তু এসআইআরে তৃণমূলের জন্য তাঁরা কাজ করছে কেন, কেন তাঁরা গরিব মানুষের সাহায্য করছে? এর জন্য তাঁদের অফিসে ইডি পাঠিয়ে রেইড করেছে।
একদিকে এই সব করছে, আর অন্যদিকে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআরের নামে সাধারণ মানুষের অধিকার খর্ব করছে। এই হচ্ছে বিজেপি, এটাই এখন ওঁদের ফরমুলা। ভাবছে কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, আর একদিকে ইডিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করবে। তোমরা ইডি লাগাও, সিবিআই লাগাও, কেন্দ্রীয় বাহিনী লাগাও, মিডিয়া লাগাও, বিচার ব্যবস্থাকে লাগাও, ইনকাম ট্যাক্স লাগাও, অর্থবল লাগাও কিন্তু বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে, দিল্লির জমিদারদের কাছে মাথা নিচু করবে না। মোদি, শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরকে আক্রমণ করে বলেন, আজকে আওয়াজ তুলতেই হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব দাও না হলে গদি ছাড়ো মোদি। শান্তনু ঠাকুর দূর হটো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*