রোজদিন ডেস্ক : গত এক বছরে সোনার দামে দৌড় দেখে বিশেষজ্ঞরা বলছিলেন, সোনা এবার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। কিন্তু মজার কথা এই কথাটা কি এবার রুপোর ক্ষেত্রেও বলতে হবে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামীদিনে যদি সেই অবস্থা হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রাশ প্রতিদিনই নয়া নজির গড়ছে সোনার দাম। সেই ধারা অব্যাহত রেখে এদিনও কলকাতায় এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। তথ্য বলছে, কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দর গিয়ে ঠেকল প্রায় ১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকায়।
বৃহস্পতিবারের তুলনায় এদিন একলাফে ৬ হাজার ১০০ টাকা দাম বাড়ল সোনার। ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকায়।
তবে চমক দিয়ে চলেছে রুপো। এদিন কলকাতায় খুচরো রুপোর কেজি প্রতি দাম গিয়েছে ৩ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ২৮ হাজার ২০০ টাকা বেশি। চলতি বছরের গোড়ায় অর্থাৎ ১ জানুয়ারি রুপোর কেজি প্রতি দর ছিল ২ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রায় ২৫ দিনে রুপোর দাম ১ লক্ষ টাকারও বেশি বাড়ল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি রুপো ৪ লক্ষের মাইলস্টোন পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সোনা, রুপোর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে কার্যত পথে বসতে চলেছে গহনা শিল্প। বিক্রিবাটা কমেই চলেছে। বিপন্ন ছোট ব্যবসায়ী থেকে কারিগর, সবাই।

Be the first to comment