রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মানবতার শত্রু বলে তোপ দাগলেন কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মারসন। আমেরিকা যে ভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে সস্ত্রীক গ্রেফতার করে নিয়ে গেছে তার তীব্র নিন্দা করে তিনি বলেন, একটা সাম্রাজ্যবাদী শক্তি হুমকি দিচ্ছে, আক্রমণ করছে। ভেনেজুয়েলার মূল সম্পদ তাদের তেল। আমেরিকার উদ্দেশ্য লাতিন আমেরিকার দেশগুলির খনিজ সম্পদ লুট করে গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা। কিউবার মানুষ এই শক্তির বিরুদ্ধে লড়ছে বলে তিনি জানান।
শনিবার কলকাতায় এক আলোচনা সভায় তিনি এই সব বলেন৷ প্রসঙ্গত, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণের সময় তাঁর নিরাপত্তায় থাকা কিউবার বহু রক্ষীকেও হত্যা করে মার্কিন বাহিনী। এরপর কিউবার বিরুদ্ধেও হুমকি জারি রেখেছেন ট্রাম্প। ওই দেশ সহ লাতিন আমেরিকার একাধিক দেশই তাঁর হুমকির তালিকায় আছে। আবার কানাডা, গ্রিনল্যান্ড ইত্যাদি দেশ দখলেও তিনি অবিরত হুঙ্কার দিচ্ছেন।
কিউবার রাষ্ট্রদূত আরও বলেন, লাতিন আমেরিকার বামপন্থী মনোভাবাপন্ন দেশগুলির প্রধানদের সরিয়ে দক্ষিণ পন্থীদের সরকার কায়েম করার চেষ্টা করছেন ট্রাম্প। বিশ্বের শান্তিকামী, মানবতাকামীদের জন্য এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আহবান জানান তিনি। উদ্বেগ ব্যক্ত করে বলেন, সারা পৃথিবীতেই মৌলবাদী শক্তি বৃদ্ধি পাচ্ছে। এর মোকাবিলা না করতে পারলে আরও বিপদ বাড়বে। সর্বত্র আইনের শাসন ভাঙার চেষ্টা চলছে বলে তিনি উদ্বেগ ব্যক্ত করেন।
কিউবার রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর মাইকি ডিয়াজ প্রেজ এসেছেন। তাঁরা উভয়েই ভারতের সঙ্গে তাঁদের দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা বলেন।

Be the first to comment