রোজদিন ডেস্ক :
বৈশাখের চড়া রোদে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়া বহু প্রার্থীর হাতে এবার দেখা যাচ্ছে বেশ হৃষ্টপুষ্ট মাছও!! বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচি, রাকেশ সিংহ শুধু নয়, টিএমসি-র বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস আজ ডালায় রুই মাছ সাজিয়ে প্রচারে বেরোন।
কয়েক দিন আগে বিশিষ্ট চিকিৎসক, বিজেপির বিধাননগর কেন্দ্রের প্রার্থী শারদ্বত মুখার্জির হাতেও শোভা পেয়েছিল নধর রুই মাছ!
আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়ে দেন, ইলিশ মাছ নিয়ে এলে তিনি কাঁটা বেছে তা খাইয়েও দিতে পারেন!
শাসক-বিরোধীর এই মাছ নিয়ে তরজার নেপথ্যে অবশ্যই মুখ্যমন্ত্রীর শাণিত আক্রমণ। তিনি বিভিন্ন নির্বাচনী সমাবেশে সুর তুঙ্গে তুলে জানাচ্ছেন, বিজেপি এখানে ক্ষমতায় এলে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দেবে।
তারই বিরুদ্ধে মাছকে এবার অস্ত্র করেছেন বহু বিজেপি প্রার্থী।
আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন, তিনি মাছ ছাড়া ভাত খেতেই পারেন না।
সব মিলিয়ে এবারের নির্বাচনী আসরে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এতে কোন সন্দেহ নেই বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment