রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আগামী বৃহস্পতিবার ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। সেই ভোটকে ঘিরে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দফায় মোট ৪৪ হাজার ৩৭৬টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে, যার মধ্যে ২,৯৫৮টি অক্সিলিয়ারি বুথ। শহরাঞ্চলে থাকছে ৫,৪৮৭টি এবং গ্রামাঞ্চলে ৩৫,৯৩১টি বুথ। মোট বুথের মধ্যে ৫,৬৪৪টি সম্পূর্ণ মহিলা পরিচালিত। পাশাপাশি ২০৭টি মডেল বুথ তৈরি করা হচ্ছে। বালুরঘাট ও আসানসোল উত্তর— এই দুই কেন্দ্রে একটি করে মোট দু’টি বুথ বিশেষভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত হবে। সবকটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। এই দফায় মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৬৭ জন মহিলা। প্রার্থীর সংখ্যার নিরিখে কোচবিহার দক্ষিণ, করণদিঘি ও ইটাহারে সর্বাধিক ১৫ জন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী রয়েছে চন্দ্রকোনা কেন্দ্রে— মাত্র ৫ জন। পরিসংখ্যান বলছে, ১০০ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৪,০২৫। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৬১৮ জন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ২৪৪। বিধানসভা কেন্দ্রের আয়তনের নিরিখে সবচেয়ে ছোট শিলিগুড়ি (৪১.৯ বর্গ কিলোমিটার) এবং সবচেয়ে বড় কালিম্পং। ভোটারের সংখ্যার নিরিখে সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামসেরগঞ্জ (প্রায় ১ লক্ষ ৬১ হাজার ভোটার) এবং সবচেয়ে বড় পশ্চিম মেদিনীপুরের দাসপুর (প্রায় ২ লক্ষ ৯৬ হাজারের বেশি ভোটার)।

Be the first to comment