আমরা দু’শো পেরিয়ে গিয়েছি, বাকিটা মানুষ ঠিক করবেন, ভোট দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক: বুধবার বিকেলে ভোট দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল চারটে নাগাদ তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন স্কুলে ভোট দিলেন। ভোট দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, মহিলা, বাচ্চাদেরও ছাড়ছে না। মারধর করছে কেন্দ্রীয় বাহিনী। অবাধে ভোটের নামে দিনভর অত্যাচার করেছে তাঁরা। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন জেলায় তৃণমূলের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে মহিলা এবং শিশুদের। নির্বাচন কমিশনের দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ তোলেন, ইজ় ইট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন?” তাঁর কথায়, জীবনে এমন ভোট দেখিনি। তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে, তারা এখনই দুশো পেরিয়ে গিয়েছেন। বাকিটা মানুষ ঠিক করবেন। বাহিনীকে তোপ দেগে তৃণমূলনেত্রী বলেন, মানুষকে কী মারটাই না মেরেছে! বাহিনী বিজেপির সুরে নাচছে। এত অত্যাচার করেছে তা সত্ত্বেও আমরা আশাবাদী ২০০ পার করব। তাঁর কথায়, বাহিনীর অতি-সক্রিয়তা সত্ত্বেও মানুষ যে হারে ভোট দিয়েছে তাতে জয় নিয়ে নিশ্চিত আমরা। অনেক জায়গায় আমাদের ছেলেদের মেরেছে, বুথে বসতে দেয়নি। বুধবার দ্বিতীয় দফার ভোটের সকাল দেখে মনে হচ্ছিল এটা কি ভোটের যুদ্ধ, নাকি যুদ্ধের ভোট! আড়াই লক্ষের ওপর বাহিনী। সাঁজোয়া গাড়ি। সাতটি এনআইএ টিম। সঙ্গে পুলিশের একাংশের অতি-সক্রিয়তা। সব মিলিয়ে একা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপি তার সর্বশক্তি প্রয়োগ করেছে। এর পরেও ভবানীপুরে তাঁর নিজের বুথ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরোনোর পর ভিকট্রি সাইন দেখিয়ে প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল। এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। শুভেন্দুর ইশারায় বাহিনী লাঠি উঁচিয়ে তাড়া করেছে ভোটারদের। এমনকী ভোটের আগের দিন মাঝরাতে ভবানীপুরের একাধিক নেতার বাড়িতে গিয়ে হেনস্থা করেছে বাহিনী। কাউন্সিলর অসীম বসু বাড়িতে না থাকলেও তাঁর স্ত্রী এবং ছেলেকে ধমকেছে বাহিনী। তৃণমূলের প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দিয়েছে বাহিনী। অথচ শুভেন্দু-সহ বিজেপির প্রার্থীরা অনায়াসে বুথে ঢুকে সবকিছু চেক করেছে। কেউ আটকায়নি।। এই পক্ষপাতিত্ব নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মমতা।

বুধবার ভোটের সকাল থেকেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ পরিদর্শন করতে বেরিয়ে পড়েন। চেতলা, চক্রবেড়িয়ার বুথগুলি থেকে তিনি কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা নিয়ে বারবার অভিযোগ তোলেন। পাশাপাশি পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন আমাদের উপর অত্যাচার করছে। বাইরে থেকে এতজন পুলিশকে নিয়ে এসেছে আর তাঁরা সবাই বিজেপির সুরে নাচছে। কিছু করছে না, শুধু মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছে, ত্রাসের পরিবেশ তৈরি করছে। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এভাবে কি ভোট হয়? পুলিশ, বাহিনী নয়, ভোটটা তো দিচ্ছে মানুষ। মানুষের রায়েই তাদের খুব দ্রুত বাংলা ছাড়তে হবে। বাহিনীর অতি-সক্রিয়তা সত্ত্বেও মানুষ যে হারে ভোট দিয়েছে তাতেই জয় নিয়ে নিশ্চিত বলে জানিয়ে দেন তৃণমূলনেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*