সমাজমাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি, সাসপেন্ড হওয়া কালিঘাট থানার প্রাক্তন ওসি এবার নবান্নে! 

Spread the love

রোজদিন ডেস্ক :

নির্বাচনের দিন সকালে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইকে বাড়ির সামনে থেকে তুলে দিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি। বেআইনি জমায়েত করায় রেয়াত করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বৌ-কেও। কালিঘাট থানার সেই ডাকাবুকো প্রাক্তন ওসি গৌতম দাস সমাজমাধ্যমে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিজের ছবি দেওয়ায় বিতর্ক তুঙ্গে ওঠে। তৃণমূলের অভিযোগ পেয়ে তড়িঘড়ি তাঁকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, এবার তাঁকে নবান্নে পাঠানো হচ্ছে। গত ২৫ এপ্রিল কালিঘাট থানার ওসি হন তিনি। সমাজমাধ্যমে বিতর্কিত ছবি দেওয়ার অভিযোগে কয়েক দিনের মধ্যেই সাসপেন্ড হন।

এর আগে ও পরে একাধিকবার ওই থানার ওসি বদল করেছে নির্বাচন কমিশন। বর্তমানে বলাই বাগ এই থানার দায়িত্বে আছেন।

নির্বাচনের দিন ২৯ এপ্রিল সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বেআইনি ভাবে বসে থাকায় তাঁর ভাই কার্তিক ব্যানার্জিকে উঠে যেতে বলেছিলেন গৌতম দাস। রাজনৈতিক মহলে তা নিয়ে বিস্ময় দেখা দেয়। পরে কার্তিক ব্যানার্জির স্ত্রী এলাকার দাপুটে কাউন্সিলর কাজরী ব্যানার্জিকেও বেআইনি জমায়েত করায় সরিয়ে দেন তিনি। এবার তাঁকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*