রোজদিন ডেস্ক
তিনি অভয়ার মা। বিধায়কও। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর গলায় যখন ঘোষণা করেন, অভয়ার বিচার হবে, ট্রেজারি বেঞ্চের আসনে বসা মা রত্না দেবনাথের চোখের জল আর বাধা মানেনি। মেয়ের কথায় অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। পাশে থাকা বিজেপির মহিলা বিধায়করা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। চোখের জল মুছিয়ে দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আর জি কর হাসপাতালে মেধাবী তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ, হত্যাকান্ড নিয়ে সারা দেশে তোলপাড় উঠেছিল। ওই নৃশংস ঘটনায় একজনই দোষী সাব্যস্ত হলেও অভয়ার মা বাবা, বহু মানুষ তা বিশ্বাস করেন না।
নতুন সরকার আসার পর ফের এই ফাইল খুলে তদন্ত হচ্ছে।
আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় তীব্র কন্ঠে বলেন, অভয়া-সহ আগের আমলের সব নারী নির্যাতনের বিচার হবে।
মুখ্যমন্ত্রী বলেন, তমান্নার বিচার হবে, গত বছর আজকের দিনেই কালিগঞ্জে ছোট্ট তমান্না নৃশংস ভাবে খুন হয়েছিল। রামপুরহাটের ছয় বছর বয়েসের আদিবাসী কন্যা, রাজগঞ্জের নির্যাতিতা, কসবা আইন কলেজের নির্যাতিতা সবার বিচার হবে বলে হুঙ্কার দেন। বিরোধী তৃণমূল বিধায়কদের নিশানা করে উচ্চ কন্ঠে বলেন, এই নিয়ে রাজ্য সরকার কমিশন করেছে। একটি নারী নির্যাতন, আরেকটি দুর্নীতি নিয়ে। দ্বিতীয়টির নেতৃত্বে আছেন আইপিএস জয়রামন!
এই সব অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দেন তিনি।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর বক্তব্য কে সমর্থন জানিয়ে বলেন, তাঁরাও চান সব নারী নির্যাতনের তদন্ত হোক। অপরাধীরা শাস্তি পাক।

Be the first to comment