রোজদিন ডেস্ক :
রাজ্যে এসআইআরে যাঁদের নাম বাদ গেছিল, ট্রাইবুনালে তার কত নিষ্পত্তি হয়েছে, এখনও কতজনের বাকি আছে, এই সব নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিশদ রিপোর্ট চাইল শীর্ষ আদালত।
এই নাম বাদ যাওয়ার জন্য যাঁরা রেশনের মত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাঁদের কলকাতা উচ্চ আদালতে আলাদা ভাবে মামলা করতে বলেছে শীর্ষ আদালত।।
প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এসআইআরে নাম বাদ যাওয়াদের জন্য গঠিত ট্রাইবুনালের কাজে গতি আনার জন্য যে আবেদন করেছিলেন, আজ সেই প্রেক্ষিতে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই শুনানি হয়।
বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, শুধু আবেদনপত্র পূরণ করলেই হয় না। তার কি অবস্থা দেখা দরকার। তাঁরা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত বিশদ তথ্য চেয়েছেন।
অধীর চৌধুরীর আইনজীবী বলেন, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গেছে, তাঁরা রেশন-সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না। আগামী ২৫ আগস্ট ফের এই মামলার শুনানি হবে।
এর আগে কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসু ও এই বিষয়ে মামলা দায়ের করেন।
পরবর্তী শুনানিতে কি হয় দেখা যাক বলে অধীর চৌধুরী জানান।
প্রসঙ্গত এসআইআরে যাঁদের নাম বাদ গেছে, ট্রাইবুনালে আবেদন করেও তাঁদের অনেকেরই সমস্যা না মেটায় উদ্বিগ্ন তাঁরা। শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন কি উত্তর দেয় তাই এখন দেখার।

Be the first to comment