রোজদিন ডেস্ক :
রাজ্যে পালাবদলের পর আচমকাই গেরুয়া রঙের প্রলেপ পড়েছিল কলকাতা তথা রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী অ্যাকাদেমি অফ ফাইন আর্টসে। যা দেখে ক্ষুব্ধ, হতবাক সংস্কৃতিপ্রেমী শিল্পী, নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা চিঠি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। তিনিও প্রকাশ্যেই এই প্রয়াসের বিরোধিতা করেন৷ যদিও গত ১২ জুলাই প্রতিবাদীরা চিঠি দিলেও এখন অবধি সরকারিভাবে রঙ বদলের কোন উদ্যোগ দেখা যায়নি।
মাস খানেক অপেক্ষার পর আজ শিল্পীরা নিজেরাই উদ্যোগ নিয়ে সেখানে সাদা রঙ করেন। জানান, এই ঐতিহ্য মন্ডিত প্রেক্ষাগৃহ সব রাজনীতির উর্ধ্বে। শিল্পের প্রাঙ্গণ। এখানকার গর্ব। এত সরকার এসেছে, গেছে, এর রঙ বদল করা হয়নি। আচমকাই তার রঙ বদল করার কোন অর্থ ই হয় না।
আজ এই সাজ বদলের অনুষ্ঠানে প্রবীণ, নবীন বহু শিল্পী উপস্থিত ছিলেন। বিশৃঙ্খলা এড়াতে ছিল বহু পুলিশও। চন্দন সেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমুখও সেখানে ছিলেন। চন্দন সেন শিল্পের এই প্রাঙ্গণকে গেরুয়া রঙ করাকে বাঞ্ছনীয় নয় বলেন। বিশিষ্ট আইনজীবী তথা সংস্কৃতিপ্রেমী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এটা মানা যায় না।
আজ নবীন শিল্পীরা উৎসাহের সঙ্গে গেরুয়া ঢেকে সাদা রঙ করে দেন। অ্যাকাদেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গণে ছিল রীতিমত উৎসবের আবহ।

Be the first to comment