রোজদিন ডেস্ক: কলকাতার এক নামী প্রথম শ্রেণীর দৈনিকের ভবনের সামনে গেরুয়া রঙ করার তীব্র নিন্দা করলো কংগ্রেস ও সিপিএম। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পৃথকভাবে এর নিন্দা করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে বলেন, জোর করে গৈরিকি করণের এই প্রচেষ্টা ফ্যাসিবাদের পদধ্বনি। মাত্র চার মাসেই এই রাজ্য সরকারের কঙ্কালসার চেহারা উন্মোচিত হয়েছে। রাজ্যে আইনের শাসন না, শাসকের শাসন ই বলবৎ হয়েছে। যা সংবিধান ও গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর সঙ্কেত।
শুভঙ্কর সরকার বলেন, এরা নিজেরাই গেরুয়া রঙের অবমাননা করছেন। গেরুয়ার তাৎপর্য বুঝতে গেলে অন্তরে ত্যাগ ও তিতিক্ষার অনুভূতি আনতে হয়। এই দেশ কে সব রঙের রামধনু মন্তব্য করে তিনি বলেন,এই ঘটনা দেশের সংবিধানের মূল নির্যাস, বহুত্ববাদের ওপর সরাসরি আক্রমণ। ওই দৈনিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে “গেরুয়া গুন্ডামি ” বলে যে শিরোনাম দিয়েছিল, তা সর্বৈব সত্যি ছিল বলে তিনি মন্তব্য করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি এই ঘটনায় দোষী দের চিহ্নিত করে শাস্তির দাবি করেন।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পৃথকভাবে এই ঘটনাকে ধিক্কার জানিয়ে
বলেন, এই সাম্প্রদায়িক হিন্দুত্ব বাহিনী মঙ্গলবার পুলিশের সামনেই এই রঙ করেছে। ফের তারা গুন্ডামির সাক্ষ্য রাখলো। পুলিশ নীল সাদা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মন্তব্য করে তিনি বলেন,ছাতার রঙ এখনও পাল্টায়নি, কিন্তু ছাতির রঙ পালটে গেছে!
ওই দৈনিক কর্তৃপক্ষ রঙ করা গেরুয়া অংশ ফের সাদা রঙ করে দিয়েছেন বলে সেলিম সাহেব জানিয়েছেন।

Be the first to comment