রোজদিন ডেস্ক :
রাজ্যে নবজাতকের মৃত্যু হার কমাতে, অসুস্থ শিশুদের চিকিৎসায় নতুন দিগন্ত এনেছিলেন তিনি। পুরুলিয়ায় তাঁরই উদ্যোগে অসুস্থ সদ্যজাতদের কেয়ার ইউনিট চালু হয়েছিল (এসএনসিইউ)। তাঁর দেখানো এই পথ অনুসরণ করেছে একাধিক রাজ্য। বিশিষ্ট শিশু চিকিৎসক অরুণ সিং-কে রাজ্য সরকার দু-বছরের জন্য স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ করলো। তাঁর প্রাপ্য সম্মান দিলো বলে সংশ্লিষ্ট মহল মনে করে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে যোগ্য সম্মান না পেয়ে রাজ্য ছেড়েছিলেন তিনি। তাঁর দীর্ঘ দিনের সফল কর্মক্ষেত্র এসএসকেএম থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি করা হয়। সেখানে শিশু বিভাগ না থাকায় তাঁর অভিজ্ঞতা, দক্ষতাকে যথাযথভাবে কাজে না লাগানোর অভিযোগ ওঠে। জাতীয় স্তরের শিশু স্বাস্থ্য কর্মসূচিতে তাঁকে যুক্ত করার জন্য অনুমতিও দেয়নি রাজ্য সরকার।
জাতীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে শিশু চিকিৎসায় খ্যাতিসম্পন্ন অরুণ সিং এরপর পদত্যাগ করে দিল্লি চলে যান। এখন তিনি রাজস্থানের যোধপুর এইমসের নবজাতক বিভাগের প্রধান। দুহাজার সালে তাঁর উদ্যোগেই এসএসকেএমে নবজাতক (নিউন্যাটোল) বিভাগ চালু হয়। এবার ফের তাঁকে নিজের শহরে যোগ্য সম্মান দিয়ে নিয়ে এলো রাজ্য সরকার, এমনটাই মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment