রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা ব্যাহত। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৫ মিনিটে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে বলে সূত্রের খবর। তবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, আত্মহত্যার চেষ্টা হয়নি, রবীন্দ্র সদন মেট্রোর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্র্যাকে পড়ে যান এক যাত্রী। তার জেরেই পরিষেবা বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চলেছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছিল কলকাতা মেট্রো। অবশেষে ৫টা বেজে ৪৫ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।
ওই যাত্রী ঝাঁপ দিয়েছেন নাকি পড়ে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কী ভাবে এই ঘটনা ঘটেছে সেটাও আপাতত স্পষ্ট নয়। ওই যাত্রী পুরুষ নাকি মহিলা, সেটাও মেট্রোর তরফে জানানো হয়নি। তবে এই ঘটনার ফলে আপ ও ডাউন লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। গোটা রুটে মেট্রো চলছিল না। রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল দীর্ঘক্ষণ। একদিকে প্রবল বৃষ্টি, তার উপর মেট্রোর সমস্যার কারণে অফিস টাইমে বাড়ি ফিরতে ব্যাপক ভোগান্তি হয় যাত্রীদের। অবশেষে পৌঁনে ছ’টা নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে।

Be the first to comment