রোজদিন ডেস্ক, কলকাতা:- বড়বাজার অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আহতদের প্রত্যেককে রাজ্য সরকার ৫০ হাজার টাকা আর্থিক সাহায্ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “বড়বাজার এলাকার একটি বেসরকারি হোটেল অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি সর্বক্ষণ পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং প্রায় ৯৯ জনকে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার জন্য দমকল এবং পুলিশের প্রচেষ্টার প্রশংসা করছি। উদ্ধারকাজে স্থানীয় জনগণকে সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাথমিকভাবে আমাকে জানানো হয়েছে যে, নিহতদের শ্বাস রুদ্ধ হয়ে বা ঝাঁপ দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। রাজ্য সরকার প্রতিটি নিহতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।”
মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়া ফলপট্টির একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে মৃত কমপক্ষে ১৪ জন। দমকলের প্রাথমিক অনুমান, ধোঁয়ায় দম বন্ধ হয়ে একের পর এক মৃত্যু হয়েছে। ঘটনার পরেই রাজ্যজুড়ে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন। সেখান থেকে তিনি রাতভর পরিস্থিতির উপর নজর রাখেন। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

Be the first to comment