রোজদিন ডেস্ক, কলকাতা:- রথযাত্রার আগের দিন অর্থাৎ আগামী ২৬ জুন দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় রথযাত্রার আয়োজন নিয়ে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে এ বছরই দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। যা ঘিরে মুখ্যমন্ত্রী বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর গুরুত্ব দিয়েছেন নবান্নে আয়োজিত ওই বৈঠকে। অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে মুখ্যমন্ত্রী প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।
সরকারি সূত্রের খবর, ২৬ জুন মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছবেন। ২৭ জুন রশি টেনে তিনি রথযাত্রার সূচনা করবেন। মুখ্যমন্ত্রী প্রথম সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টানবেন। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। ভক্তদের সুবিধার্থে দড়ি ফেলে রাখা হবে পুরো রাস্তাজুড়ে। উদ্দেশ্য, ভক্তদের সকলে যাতে অংশ নিতে পারেন। তবে নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র অলিম্পিয়ান ও সাধুসন্তেরা রথের সামনে থাকতে পারবেন।
বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসকনের রাধারমণ দাস, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং অন্যান্য ধর্মীয় সংস্থার প্রতিনিধিরা। ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারাও।

Be the first to comment