প্রতিবেদন: কলকাতা মহানগরী-সহ রাজ্যের শহরগুলিকে আরও পরিষ্কার (CLEAN CITY) ও যানজটমুক্ত করতে বড় পদক্ষেপের পথে পুর ও নগরোন্নয়ন দফতর। পূর্ব ঘোষণা মতো আগামীকাল মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় নোংরা, আবর্জনা বা থুতু ফেললে আর্থিক জরিমানা করা হবে। রাস্তার পাশে রাতে দেদার গাড়ি পার্কিংও আর চলবে না। এর জন্য রাতের পার্কিং চার্জ চালু হচ্ছে। শহরের বাজারগুলিকে প্লাস্টিক মুক্ত করতে বিকল্প ক্যারি ব্যাগের ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত গোটা প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার নবান্নে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুরসভার আধিকারিক ও তিনটি পুলিশ কমিশনারেটের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকের পর পুরমন্ত্রী জানান, শহরের বিভিন্ন এলাকায় পার্কিং জোন এবং নো-পার্কিং জোন চিহ্নিত করার কাজ চলছে। যত্রতত্র গাড়ি পার্ক না করার জন্য আবেদন জানানো হয়েছে। বিশেষ করে ফুটপাতের উপর বাইক বা অন্য যান না রাখার অনুরোধ করা হয়েছে। পার্কিং সমস্যা মেটাতে একটি পার্কিং অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। ওই অ্যাপে চালকরা কোথায় পার্কিংয়ের জায়গা রয়েছে, তা সহজেই জানতে পারবেন।
বৈঠকে সল্টলেকে রাস্তার ধারে পার্কিংয়ের বিষয়টিতে নজর দেওয়া হয়েছে। এর ফলে যানজট তৈরি হচ্ছে।
এর পাশাপাশি, শহরকে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যেও একাধিক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজারগুলিতে প্লাস্টিকের বিকল্প ক্যারি ব্যাগের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।

Be the first to comment