রোজদিন ডেস্ক, কলকাতা:- চোখের জলে শেষ বিদায়! আজই সম্পন্ন হবে শেষকৃত্য। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত কো-পাইলট ক্লাইভ কুন্দরের। সুসজ্জিত ফ্ল্যাটের কামরায় শায়িত রয়েছে সাদা কফিন। সেই কফিনে রয়েছে ক্লাইভ কুন্দরের দেহ। বৃহস্পতিবার মুম্বইয়ের ফ্ল্যাটে তাঁকে শেষ শ্রদ্ধা জানাল তাঁর পরিবার। সিউরি খ্রিস্টান কবরস্থানে তাঁর শেষকৃত্য হবে। আহমেদাবাদে গত বৃহস্পতিবার ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের সহকারী চালকের আসনে ছিলেন তিনি।
তাঁর কফিনবন্দি দেহ বৃহস্পতিবার সকালে বিমানে করে মুম্বই এয়ারপোর্টে পৌঁছোয়। তার পর তা গোরেগাঁওয়ের রাম মন্দির রোডে কুন্দর পরিবারের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১টা পর্যন্ত শায়িত ছিল দেহ। ক্লাইভের পরিবারের রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা, মা এবং বোন। কফিনের পাশে বসে ভেঙে পড়েন তাঁরা। একমাত্র পুত্রকে শেষ শ্রদ্ধা জানান বৃদ্ধ বাবা-মা। শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান ক্লাইভের আত্মীয়-পরিজন, প্রতিবেশীরাও। প্রসঙ্গত, অভিনেতা বিক্রান্ত ম্যাসি সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, দুর্ঘটনায় নিহত ক্লাইভ তাঁর পরিচিত।

Be the first to comment