রোজদিন ডেস্ক : প্রায় জোর করে অপরিকল্পিত এসআইআর রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এত কম সময়ে তাড়াহুড়ো করে এসআইআর শেষ করতে গিয়ে আমজনতার মনে আতঙ্ক তৈরি করেছে কমিশন। সেই আতঙ্কে রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। তাঁদের মৃত্যুতে পরিবারের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নাম রয়েছে। মৃতদের পরিবারের দায়ের করা এই অভিযোগের এবার তদন্তে নামছে নির্বাচন কমিশন। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সিইও দফতর। সম্প্রতি পুরুলিয়ায় শুনানিতে ডাক পাওয়া এক ব্যক্তি আত্মহত্যা করেন। তাঁর পরিবার জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর আগেও এক বিএলও-র মৃত্যুতেও পুলিশে অভিযোগ দায়ের হয় এই দু’জনের বিরুদ্ধে। অভিযোগ নিয়ে এতদিন নীরব ছিল কমিশন। এবার এই অভিযোগের তদন্তে নামছে রাজ্যের সিইও দফতর। সিইও দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের অভিযোগ পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন এবং এসআইআর-এ নিজেদের দায়িত্ব পালন করা অধিকারিকদের প্রতি চোখ রাঙানির সামিল। এই সব অভিযোগের পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত করবে নির্বাচন কমিশন। সন্দেহ নেই কমিশনের এই সিদ্ধান্তে রাজ্য সরকারের সঙ্গে তাদের সংঘাতে নতুন মাত্রা যোগ করল।

Be the first to comment