রোজদিন ডেস্ক : নিউ টাউনে দুর্গা অঙ্গন করার তীব্র বিরোধিতা করলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এর বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দেন। তাঁর অভিযোগ, নিউ টাউনের বিধি অনুযায়ী হিডকোর অধীনে থাকা কোন ও জমি ধর্মস্থান তৈরির জন্য দেওয়া যায় না। যে জমিতে মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন তৈরির শিলান্যাস করেছেন, সেখানে বিজনেস ডিস্ট্রিক্ট করার জন্য চিহ্নিত ছিল বলে তিনি জানান।
প্রসঙ্গত বাম আমলে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব নিউ টাউন গড়ে তোলার প্রধান কান্ডারি ছিলেন। আজ খেদের সঙ্গে তিনি বলেন, নিউ টাউনের ফাঁকা জমিতে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। রাজ্যে মন্দির মসজিদের রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলেও তিনি ক্ষোভ ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রীকে অন্য কোথাও দুর্গা অঙ্গন করতে বলেন।
রাজ্যে আগামী বছর বিজেপি ক্ষমতায় আসবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বক্তব্যকেও কটাক্ষ করেন তিনি। বলেন, ২/১ টা আসন এদিক-ওদিক হতে পারে, বিজেপি এখানে ক্ষমতায় আসবে না। এই বিজেপিকে রুখতে হবে। তাকে রুখতে গিয়ে মন্দির মসজিদের রাজনীতি করলে চলবে না বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দির করার পর রাজ্যে দুর্গা অঙ্গন, মহাকাল মন্দির করার ও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Be the first to comment