রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত তালিকায় পরিবর্তনের প্রস্তাব পাঠাল নবান্ন। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যে ১৫ জন আইএএস অফিসারের নাম রয়েছে, তাঁদের মধ্যে ৯ জনের ক্ষেত্রে বিকল্প নাম পাঠানো হয়েছে। প্রশাসনিক ও দাফতরিক প্রয়োজনে ওই ৯ জন অফিসারের পরিবর্তে নতুন নাম কমিশনে পাঠানো হয়েছে। যাঁদের বদলি চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের নামও রয়েছে। কমিশনের তরফে এই প্রস্তাব খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য এ-রাজ্য থেকে মোট ২৫ জন সিনিয়র আইএএসকে বেছে নিয়েছে। তাঁদের মধ্যে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস রয়েছে। রয়েছেন হাওড়া ও আসানসোলের সিপিও। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির আসন্ন ভোটে এঁদের দায়িত্ব দেওয়া হবে।
কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। কমিশনের তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যে ১০ জন আইপিএস অফিসারের নাম রয়েছে, তাঁদের মধ্যে দু’জনের ক্ষেত্রে পরিবর্তনের আবেদন জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তালিকায় থাকা ভরতলাল মিনা এবং ঋষিকেশ মিনা এই দুই আইপিএস অফিসারের কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা রয়েছে। সেই কারণে তাঁদেরকে যদি এই দায়িত্ব থেকে ছাড় দেওয়া যায়, তাহলে তাঁদের পক্ষে সুবিধা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন জানাবেন। নির্বাচন কমিশনের তরফে ওই আবেদন বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Be the first to comment