রোজদিন ডেস্ক, কলকাতা :- বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’-র পদযাত্রা শেষে বিজেপিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা।
এদিন প্রথমে পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। মিছিলে মমতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করেন তিনি।
বিজেপিকে তীব্র আক্রমণ শুরু করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশি বলা হচ্ছে। রোহিঙ্গা বলছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ থেকে বাংলার মনীষীরা কোন ভাষায় কথা বলতেন?”
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “আজকে জাগার পালা। প্রতিবাদ, প্রতিরোধ করার পালা। আমরা বলব না, আমাদেরই ভোট দিন। কিন্তু, আমরা প্রতিবাদ না করলে অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করবে।” মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কী বলছে এ বার? নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। মনে রাখবেন অসমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল। বিজেপি পার্টি লিস্ট তৈরি করবে? আপনার ঠিকানা আপনাকে ঠিক করতে হবে। একটাও যেন ভোটারের নাম বাদ না যায়।”
এরপরই তিনি বলেন, “আজ যদি স্বামীজি বেঁচে থাকতেন, বলতেন, এই দেশ আমি চাইনি।” তিনি আরোও বলেন, গায়ের জোরে ভয় দেখিয়ে যদি অত্যাচার করেন তাহলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে, আমরা দাঁড়িয়ে থাকবো পাহারাদার হিসাবে। ‘

Be the first to comment