রোজদিন ডেস্ক, কলকাতা:- পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ করলেন এক মহিলা ৷ অভিযোগপত্রে ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদের বেলডাঙা শাখার অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক তৈরির কথা বলা হয়েছে ৷ তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নির্যাতিতা ৷
উল্লেখ্য, অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১২ সালের ডিসেম্বর মাসে অভিযোগকারিণী ভারত সেবাশ্রম সঙ্ঘের চাণক আদিবাসী আবাসিক স্কুলে যান ৷ সেখানেই তাঁর সঙ্গে আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজের পরিচয় হয় ৷ এমনকি তাঁকে আলাদাভাবে ডেকে আলাপ করেন কার্তিক মহারাজ ৷ ওই স্কুলে শিক্ষিকা হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন ৷ এরপর তাঁকে আশ্রমের স্কুলের পাঁচতলার ঘরে থাকতে দেওয়া হয় ৷ তাঁকে বড় রকমের প্রতিশ্রুতিও দেন কার্তিক মহারাজ ৷ অভিযোগ, ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে কার্তিক মহারাজ নানান সময়ে মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন ৷ এমনকি বেলডাঙার আশ্রমে পাঁচদিনের জন্য নির্যাতিতাকে ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি ৷ সেখানেও তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ওই বছরের জুন মাস পর্যন্ত তাঁর উপর শারীরিক নির্যাতন চলে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা ৷ আর তার জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েন ৷
বিষয়টি জানার পর কার্তিক মহারাজ নির্যাতিতাকে জোর করতে থাকেন গর্ভপাতের জন্য ৷ এমনকি আশ্রম থেকে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ সেই সময় কার্তিক মহারাজ তাঁকে মাসে-মাসে টাকা পাঠানোর প্রতিশ্রুতিও দেন ৷ অভিযোগ, সেই প্রতিশ্রুতিও রাখেননি তিনি ৷ বরং বহরমপুরের একটি নার্সিংহোমে জোর করে নির্যাতিতার গর্ভপাত করানো হয় ৷
গতকাল বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। তাঁর উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি। রঘুনাথগঞ্জে একটি অনুষ্ঠানে গিয়ে এসে অভিযোগ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন। এটা নিয়ে আমি বিচলিত নই। কোন মহিলা কী অভিযোগ করেছেন আমার জানা নেই।”

Be the first to comment