প্রতিবেদন: সরকারি ভাবে মৃতের সংখ্যা ন’শো ছাড়াল নেপালের বিপর্যয়ে (NEPAL FLASH FLOOD)। রবিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য বলছে, মৃতের সংখ্যা ৯০৩ জন। এখনও নিখোঁজ প্রায় সাড়ে চার হাজার মানুষ। দেশজোড়া হাহাকার। উদ্বেগ আর উৎকণ্ঠা। জারি রয়েছে উদ্ধার কাজ। কাদামাটির তলা থেকে এখনও বেরিয়ে আসছে একের পর মৃতদেহ। মহা বিপর্যয়ের ৫ দিন পেরিয়ে এখন এটাই নেপালের সর্বশেষ ছবি। এদিকে এই দুর্যোগের জেরে বেজিংয়ের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল। নেপালী প্রশাসনের দাবি, ঘটনার তিন মাস আগে চিনের কাছে হিমবাহের আপডেট তথ্য চেয়েছিল নেপাল। তবে বারবার বলা সত্বেও চিন কোনও তথ্য দেয়নি। তাদের তরফে এই গাফিলতি না হলে হয়ত এতবড় বিপর্যয় এড়ানো যেত। এই ভয়াবহ হড়পা বান আসার তিন মাস আগে কাঠমান্ডুতে এই ধরনের বিপর্যয় এড়াতে কী করণীয়, তা নিয়ে বৈঠক বসেছিল নেপাল ও চিন। এখন নেপালের অভিযোগ, হিমবাহের গতিবিধি, জলস্তর এবং আবহাওয়ার তথ্য চিনের কাছ থেকে যতটা প্রয়োজন ছিল, ততটা মেলেনি। তারপর বলা হলেও বেজিংয়ের তরফে পর্যাপ্ত তথ্য কাঠমাণ্ডুকে দেওয়া হয়নি। এই তথ্য পাওয়া গেলে এতবড় বিপর্যয় হয়তো এড়ানো যেত, বলেই দাবি নেপাল প্রশাসনের।

Be the first to comment