রোজদিন ডেস্ক : বাংলাকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে বিজেপি সরকারের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, উত্তরবঙ্গে এতবড় বিপর্যয়ের পরেও কেন্দ্রীয় সরকার কোনও সাহায্যও করেনি। একটা টাকাও দেয়নি। এটা অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর ২১-২২ পর্যন্ত ৪৬ লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম। যদিও ৪ বছর ধরে সব টাকা বন্ধ। গ্রামীণ রাস্তার কাজও চার বছর ধরে বন্ধ। কেন্দ্র অন্য রাজ্যকে টাকা দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। ভাবছে বাংলাকে ভাতে মারো, কিন্তু ওরা জানে না বাংলার মানুষ, বাংলার মাটি অনেক কথা বলে। কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও ১২ লক্ষ উপভোক্তাকে আমরা ১৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়েছি। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ১৬ লক্ষ পরিবারকে অর্ধেক টাকা দেওয়া হবে। বাকিটা মে মাসে দেওয়া হবে।
জিএসটির টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু সেই টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্র যখন জিএসটি-র কথা বলেছিল তখন আমরাই প্রথম করতে বলেছিলাম, এটা আমাদের বড় ব্লান্ডার ছিল! কারণ, অন্য রাজ্যকে টাকা দিচ্ছে আর বাংলায় রাজ্যের শেয়ারের টাকা না দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফেরত দেওয়া উচিত। এমনকী আবাসনের কোনও টাকাও দেওয়া হচ্ছে না বলে এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থনৈতিক স্বার্থে জিএসটি পুনর্গঠনের দাবি তুলে মুখ্যমন্ত্রী বললেন, এখন সময় এসেছে রাজ্যের টাকা রাজ্যকে ফেরত দেওয়ার।

Be the first to comment