রোজদিন ডেস্ক : সাবেক মনরেগা ফেরানোর দাবিতে আজ সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনটি তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সংসদের উভয় সভার অধিবেশন উদ্বোধন করেন।
সংসদের গত অধিবেশনে নয়া গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভি বি জি রামজি বিল গৃহীত হয়েছে। বিরোধীরা-এর সম্মিলিত প্রতিবাদে মুখর ছিলেন। সাবেক মনরেগা ফেরানোর দাবিতে কংগ্রেস দেশব্যাপী আন্দোলনও করেছে।
আজ রাষ্ট্রপতি তাঁর ভাষণে সরকারের অর্থনৈতিক সংস্কার,সামাজিক সুরক্ষা, মহাকাশে যাত্রা, সুশাসন ইত্যাদির কথা বলেন। ভি বি জি রামজি বিলের প্রসঙ্গ আসতেই বিরোধী পক্ষ এর বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানান। তুমুল বিক্ষোভ, গোলমালের মধ্যেই রাষ্ট্রপতি তাঁর ভাষণ পড়ে যান। বলেন, সমতা ও সামাজিক ন্যায় নিয়ে বাবাসাহেব আম্বেদকর যে গুরুত্ব দিয়েছিলেন, তা জাতিকে উদ্বুদ্ধ করে।
দেশের সব নাগরিকই পূর্ণ অধিকার পাবেন, কোন বৈষম্য হবে না, সরকার সামাজিক ন্যায় দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গত এক দশকে ২৫ কোটি মানুষ দারিদ্র্য সীমার ওপরে এসেছেন, এই সরকার এই কাজ জারি রেখেছে।
মহাকাশে দেশের উল্লেখযোগ্য অভিযানের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, শুভাংশু শুক্লার মহাকাশে যাওয়া এক ঐতিহাসিক যাত্রার সূচনা করেছে। আগামী দিনে ভারত মহাকাশে নিজস্ব স্টেশন করবে বলে তাঁর আশা৷ দেশের গগনায়ন মিশন দ্রুত এগিয়ে চলেছে।
আর্থিক ক্ষেত্রে দেশ সংস্কার এক্সপ্রেসে চড়েছে।
দুর্নীতি রুখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
এমন দিন দূরে নেই যখন দেশ মাওবাদী মুক্ত হবে বলে তিনি জানান। অপারেশন সিঁদুর এর উচ্ছ্বসিত প্রশংসা করেন।
বাজেট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, অধ্যক্ষ ওম বিড়লা,পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ তাঁকে স্বাগত জানান।

Be the first to comment