আনন্দপুর কাণ্ডে গঠিত হল এসআইটি

Spread the love

রোজদিন ডেস্ক : আনন্দপুর অগ্নিকাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করল রাজ্য সরকার। ঘটনার গুরুত্ব ও সম্ভাব্য একাধিক দিক খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। সিটের নেতৃত্বে থাকছেন বারুইপুর জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার। তাঁদের সরাসরি তত্ত্বাবধানেই তদন্ত এগোবে। দমকল, ফরেন্সিক ও বিদ্যুৎ দফতরের প্রাথমিক রিপোর্ট সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, কারখানা ও গুদামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের নকশা, কাঁচামাল ও দাহ্য পদার্থ মজুতের পদ্ধতি ও পরিকাঠামো-সহ সব দিক খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে ওই কারখানার লাইসেন্স, নিরাপত্তা নিরীক্ষার নথি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র এবং কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে। ঘটনার সময় উপস্থিত কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জেরা করা হবে বলেপ ইঙ্গিত দিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ এবং উৎস, বৈদ্যুতিক ত্রুটি, দাহ্য উপকরণের অনিয়ন্ত্রিত মজুত, নাকি অন্য কোনও কারণে—তা নির্দিষ্ট করে জানতে ফরেন্সিক বিশ্লেষণের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত মানদণ্ড মানা হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে। সিট গঠনের পর তদন্তে গতি আসার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রুখতে গুরুত্বপূর্ণ সুপারিশও করতে পারে এই কমিটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*