সম্বল বলতে ফোন নম্বর। আর সেই সূত্রে দেড় বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেল পরিবার। বাবা-মায়ের সঙ্গে সোনারপুর থেকে হরিদ্বারে বাড়ি ফিরে গেলেন মোহন কুমার।
১৩ অক্টোবর সোনারপুরের নাটাগাছি এলাকায় অসুস্থ অবস্থায় পড়েছিলেন অজ্ঞাত পরিচয় এক যুবক। তাঁকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন কালিকাপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান মাধব মণ্ডল। দিন কয়েকের চিকিৎসায় সুস্থ হলে, নিজেকে মোহন কুমার বলে পরিচয় দেন ওই যুবক। আর কিছুই বলতে পারেননি তিনি। তবে বেশ কয়েকটি ফোন নম্বর বলতে পারেন। এরইমধ্যে একটি নম্বর ছিল স্কুলের। সেই স্কুলেই পড়াশোনা করে মোহনের বোন। স্কুলের মাধ্যমেই মোহনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক-নার্সরা।
বছর দেড়েক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মোহন কুমার। বহু চেষ্টা করেও ফল ফেলেনি। অবশেষে এই ভাবে ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার। বাবা-মাকে পেয়ে মোহনকুমারও আনন্দিত। উৎকণ্ঠা, আশঙ্কার পালা শেষ। বহুদিন পর আবার নিজের এলাকায়, নিজের পরিবারের সঙ্গে সময় কাটাবেন মোহন কুমার।

Be the first to comment