২৬ জানুয়ারির প্রথামাফিক চা চক্রে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

রোজদিন ডেস্ক :  চিরাচরিত ঐতিহ্য মেনে সাধারণতন্ত্র দিবসের সন্ধেবেলায় লোকভবনে (পূর্বতন রাজভবন) অনুষ্ঠিত হল চা-চক্র। রাজভবন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মুখ্যমন্ত্রী। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে মিলনক্ষেত্র।
সকালে রেড রোডের কুচকাওয়াজের পর লোকভবনে বসে এই ঐতিহ্যবাহী চা-চক্র। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। রাজনৈতিক মহল থেকেও ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ অন্যরা। চা-চক্রের পাশাপাশি এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের ‘বন্দেমাতরম’ পুরস্কার প্রদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের হাতে এই সম্মান তুলে দেন রাজ্যপাল। এ ছাড়াও চলচ্চিত্র পরিচালক সুজিত সরকার, শিল্পপতি চন্দ্রশেখর ঘোষ, প্রবীণ অভিনেতা মোহন বাবু-সহ শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের এই পুরস্কারে সম্মানিত করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*