রোজদিন ডেস্ক :
ত্রিপুরায় উপজাতি এলাকা স্বশাসিত জেলা পর্ষদ (টি টি এ এ ডি সি) এর নির্বাচনে ধরাশায়ী বিজেপি। ২৮ টি আসনের ২৪টিতেই জয়ী প্রদ্যোত দেব বর্মা নেতৃত্বাধীন তিপ্রা মথা। বাকি চারটিতে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। কংগ্রেস ও সিপিএম একটি আসনও পায়নি।
রাজ্যে বিজেপি ও তিপ্রা মথার জোট সরকার থাকলেও এই নির্বাচনে উভয় পক্ষই পৃথকভাবে লড়েছে। গত রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রিপুরার ভৌগোলিক মানচিত্রের অনেকটা অংশই এই উপজাতি অধ্যুষিত অঞ্চল। প্রায় পনের লক্ষ মানুষের বাসভূমি। মাত্র পাঁচ বছর আগে ত্রিপুরার রাজ বংশোদ্ভূত প্রদ্যোত দেব বর্মা বৃহত্তর তিপ্রাল্যান্ডের দাবিতে দল গড়েন। উপজাতি এলাকায় তাঁর একচ্ছত্র আধিপত্য এই নির্বাচনে
ফের প্রমাণিত হোল বলে রাজনৈতিক মহল মনে করেন।
৩০ সদস্যর এই পর্ষদের দুজন সদস্যকে রাজ্যপাল মনোনীত করেন।
এই বিপুল জয় তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে প্রদ্যোত দেব বর্মা জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি জানান, এটি ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়। এই সম্প্রদায় (উপজাতি) রাজ্য ও দেশের জন্য কাজ করতে তিনি জয়ীদের আর্জি জানান। বলেন, সাধারণ মানুষ অসাধারণ কাজ করেছেন। তিনি উপজাতি সম্প্রদায় ও আগামী প্রজন্মকে আহবান জানিয়ে বলেন, এই ছোট রাজ্যে যেন কোন হিংসা না হয়।
গত ১২ এপ্রিলের এই নির্বাচনে ৮৩.৫০% ভোট পড়ে। ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০২১ সালের টি টি এ এ ডি সি নির্বাচনে তিপ্রা মথা ১৮টি ও বিজেপি ৯টি আসনে জয়ী হয়েছিল।

Be the first to comment