রোজদিন ডেস্ক : আগামী কাল রবিবার কেন্দ্রীয় বাজেট। এই রাজ্য সহ ভোটমুখি পাঁচ রাজ্য-সহ সারা দেশ তাকিয়ে আছে সেদিকেই।
অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন তাঁরা সংস্কার এক্সপ্রেসে আছেন। কেন্দ্রীয় বাজেটে এবারও সেই সংস্কারের ছবিই দেখা যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে।
নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশি-বিদেশি বিনিয়োগ টানার জন্য বিধি বিধান সহজ করা, পরিকাঠামো সংস্কারের ওপর জোর দিতে পারেন। ভোটমুখি পাঁচ রাজ্য পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির কথা মাথায় রেখে তিনি বেশ কিছু নতুন প্রকল্প, সুবিধা ঘোষণা করতে পারেন। অর্থনীতিবিদরা
এই বাজেটে মূলধনী খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশা করছেন। গুরুত্ব পাবে রেলপথ, প্রতিরক্ষা, পরিবহণ, পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্র। শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রার প্রেক্ষিতে এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতে পারে। বাজেটে আয় কর-সহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের দিকে বরাবরই নজর থাকে সব মহলেরই। এবারও তার ব্যতিক্রম হবে না। যদিও গত বাজেটের পর এবার আয় করে বড় ছাড়ের আশা কম।
স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি এই সরকারের আমলে হয় না বলে বিরোধীদের অভিযোগ।
এবার আমজনতার সেদিকে ও নিশ্চয়ই নজর থাকবে। বিশেষত কর্মসংস্থানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার অপেক্ষায় আছে সব মহলই।
আমেরিকার শুল্ক বৃদ্ধির ফলে দেশে আর্থিক শৃঙ্খলা বজায় রাখাও এবার নিঃসন্দেহে সরকারের বড় চ্যালেঞ্জ।

Be the first to comment