রোজদিন ডেস্ক, কলকাতা:- খড়গপুরে রাস্তায় সকলের সামনে ফেলে প্রবীণ সিপিএম নেতা অনিল দাসের উপর বেধড়ক মারধর করলো তৃণমূল নেত্রী বেবি কোলে। শুধু মারধরই নয় রীতিমতো তাঁকে জুতোপেটাও করা হয়।সোমবার দুপুরে মালঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
অভিযোগ, স্থানীয় এক বাসিন্দার পাঁচিল জোর করে ভেঙে দেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেন প্রবীণ বাম নেতা অনিল দাস। আর তাতেই তাঁর উপর ক্ষোভে ফেটে পড়েন বেবি কোলে ও তাঁর অনুগামীরা। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, রাস্তায় অনিল দাসকে ঘিরে ধরে তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। প্রাণে বাঁচতে তিনি একটি রঙের দোকানে ঢুকে আশ্রয় নেন। কিন্তু সেখানেও নিস্তার পাননি।
হামলার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় খড়গপুর টাউন থানায় পৌঁছন অনিল দাস এবং তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। খড়গপুর সদরের বিধায়ক তথা প্রাক্তন পৌরপ্রধান প্রদীপ সরকার বলেন, ‘বেবি কোলে আমাদের দলের হলেও বর্তমানে তাঁর কোনও সাংগঠনিক দায়িত্ব আছে কি না, তা আমার জানা নেই। তবে এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি পুলিশকে বলব, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিক।’
প্রবীণ সিপিএম নেতাকে বেধড়ক মারধরে অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে pic.twitter.com/KleS5TEgKt
— Bangla Jago Tv (@BanglaJagotv) June 30, 2025

Be the first to comment