রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজিকরের পর আবার কসবা কলেজ। ক্রমশ চলছে মর্মান্তিক ঘটনা। এবার কসবা কলেজের ভিতরই গনধর্ষনের অভিযোগ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা। এবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানালো তৃণমূল কংগ্রেস।
এদিন অফিশিয়াল ওয়েবসাইটে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে, “আমরা সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাই।
কলকাতা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে, এবং আগামীদিনেও দোষীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
এই ভয়াবহ ঘটনা আবারও স্পষ্ট করে দিল, যৌন হেনস্থার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ‘অপরাজিতা ধর্ষণ বিরোধী বিল’ বাস্তবায়নের কতখানি প্রয়োজন আছে। দ্রুত তদন্ত, তাড়াতাড়ি বিচার এবং কঠোর শাস্তির মাধ্যমে অপরাধ দমন করতে এই বিল অপরিহার্য। দুর্ভাগ্যজনকভাবে, কেন্দ্রের বিজেপি সরকার এখনও পর্যন্ত এই বিল কার্যকর করার জন্য কোনও উদ্যোগই নেয়নি।
নির্যাতিতা যে গভীর মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে আমাদের হৃদয় ভারাক্রান্ত। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য প্রশাসন এই কঠিন সময়ে আক্রান্তকে সব রকম সহায়তা ও প্রয়োজনীয় সহানুভূতি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
ন্যায়বিচার নিশ্চিতভাবেই হবে।”

Be the first to comment