মেঘ কেটে যেতেই পারদ নেমেছে এক ঝটকায়। আর তাতেই শীতের আমেজ পেতে শুরু করেছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি। তবে কি পড়ে গেল শীত?
না, এখনও পাকাপাকিভাবে শীত পড়েনি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর আগামী সাতদিন এরকমই থাকবে তাপমাত্রা। কিন্তু পাকাপাকিভাবে শীতের দাপট দেখার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর অবধি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছিল, উত্তুরে হাওয়ার দাপটেই শহরে ফিরবে শীতের আমেজ। এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। ফলে সপ্তাহের শেষ দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। শুক্রবার সকাল থেকেই শীতের আমেজ পেতে শুরু করেন শহরবাসী। দুপুরের মিঠে রোদ গায়ে ভালো লাগছে। এ দিন ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল ময়দান অঞ্চল। এ ছাড়াও শহরতলী ও দক্ষিণ ২৪ পরগণাতেও কুয়াশার দাপট ছিল। বেলা বাড়ার সঙ্গে তা কমে। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
নভেম্বরের গোড়ার দিকে কিছুটা ঠাণ্ডা পড়লেও ক’দিন পরেই তা উধাও হয়ে গেছিল। আবহাওয়াবিদদের বক্তব্য, বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছিল উচ্চচাপ বলয়। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছিল। এর জেরে দুর্বল হয়ে পড়ছিল উত্তুরে হাওয়া। ফলে গভীর রাত ও ভোরের দিকে কিছুটা ঠাণ্ডা লাগলেও দিনের বেলা বাড়ছিল অস্বস্তি।
কিন্তু বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সেই উচ্চচাপ বলয় দুর্বল হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কমছে। বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। ফলে উইকএন্ডে শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানা গেছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সর্বনিম্ন তাপমাত্রাও ঘোরাফেরা করবে ১৭ ডিগ্রির আশেপাশে।
আর এই উত্তুরে হাওয়ার হাত ধরেই ধীরে ধীরে রাজ্যে পড়বে শীত। তবে সেটা পড়তে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Be the first to comment