বালেশ্বরের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে ওড়িশা; ১৫ বছর বয়সী কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা পুরীতে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-বালেশ্বরে ফকিরমোহন কলেজে ছাত্রী আত্মদাহের ঘটনার রেশ কাটতে না কাটতেই ওড়িশার পুরীতে ফের ঘটল এক নৃশংস ঘটনা। শনিবার বাইয়াবার গ্রামে নিজের বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ১৫ বছর বয়সী এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল তিন দুষ্কৃতি। বর্তমানে ভুবনেশ্বর এইমসে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে।

সূত্রের খবর, শনিবার রাস্তায় কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তিন দুষ্কৃতি। ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। খবর পেয়েই পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যে দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই, ১২ জুলাই, বালেশ্বরের ফকির মোহন কলেজ ক্যাম্পাসে নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২০ বছরের এক ছাত্রী। অভিযোগ, কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। ১৪ জুলাই রাতে ভুবনেশ্বর এইমসে মৃত্যু হয় তাঁর।

গতকালই বাংলায় এসে ওড়িশা মডেলের কথা বলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একদিন পরে, আজকেই পুরীতে মর্মান্তিক ঘটনা। ঘটনার তীব্র নিন্দা করেছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী প্রভাতি পারিদা। এক্স–এ পোস্ট করে তিনি লেখেন, “পুরী জেলার বালঙ্গা অঞ্চলের একটি ১৫ বছরের কিশোরীকে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনা জেনে আমি স্তম্ভিত ও মর্মাহত। তাকে দ্রুত এইমসে ভর্তি করানো হয়েছে। চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*