বাদুড়ঝোলা অবস্থা, পা রাখার জায়গা নেই; মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু ৫ যাত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহের প্রথম দিনেই কর্মব্যস্ততায় উপচে পড়া ভিড় লোকাল ট্রেনে। রীতিমতো বাদুড়ঝোলা অবস্থা। এই পরিস্থিতিতে চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়ে যান প্রায় ১০ থেকে ১২ জন যাত্রী। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুম্বইয়ে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কাসারা এলাকার দিকে যাওয়ার সময়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান একাধিক যাত্রী।

রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মুম্বরা স্টেশন এবং ডিভা স্টেশনের মাঝামাঝি জায়গায় যখন পুষ্পক এক্সপ্রেস এবং কাসারা লোকাল একে অন্যকে পার করছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে উল্লেখ্য, ট্রেনে ঝুলতে ঝুলতে যাতে কেউ না যাত্রা করেন, সে জন্য একাধিক বার সতর্কবার্তা দেওয়া হয় রেলের তরফে। কিন্তু সেই সতর্কবার্তা কি বাস্তবে মেনে চলা হয়না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*