রোজদিন ডেস্ক, কলকাতা:-আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর পরেও তাঁর ব্যবহৃত মোবাইলের নম্বর চালু আছে। এমনকি ওই নম্বর থেকে চালু করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও। আজ শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে এই অভিযোগই সামনে এনেছে মৃত চিকিৎসক ছাত্রীর পরিবার। এই বিষয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। শিয়ালদা আদালতে এই বিষয়টি সামনে আসার পর এদিন বিচারক মৃতার পরিবারকে বলেন, যদি তারা চায়, তাহলে এই বিষয়ে তারা সিবিআইয়ের সঙ্গে কথা বলতে পারে। কারণ এই ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতেই।
এই ঘটনায় মৃত চিকিৎসকের পরিবারের সদস্যরা প্রশ্ন তোলেন যে, কীভাবে মৃত্যুর কয়েক মাস পরেও নির্যাতিতার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে? একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও নাকি খোলা হয়েছে ওই নম্বর থেকে। এই বিষয়ে পরিবারের আইনজীবীর দাবি, আরজি কর-কাণ্ডের পরে নির্যাতিতার মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছিল। তবে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। ফলে বর্তমানে ওই ফোনটি কলকাতা পুলিশের তরফ থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এখানেই পরিবারের প্রশ্ন, তাহলে ওই মোবাইল নম্বর দিয়ে কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হল?
আরজি করে কী ঘটেছে, তার আগে ও পরে কী হয়েছে, প্রশ্নোত্তরের মাধ্যমে তার সিনপসিস রিপোর্ট আদালতে পেশ করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। এই ঘটনায় সিবিআইয়ের তরফে প্রশ্ন তোলা হয় যে, যেহেতু এই ঘটনাটির বিচার চলছে হাইকোর্টে, ফলে কীভাবে ঘনঘন বিভিন্ন সিনপসিস রিপোর্ট পেশ করা হচ্ছে? আগামী ১০ জুন পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Be the first to comment