রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজের ধর্ষণ কান্ডে প্রতিনিয়তই মিলছে নতুন কিছু তথ্য। ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগ তদন্ত করছে কেসে। প্রাথমিক ভাবে তদন্তকারীরা নিশ্চিত, মনোজিত শেষ পর্যন্তও চেষ্টা করছিল যাতে কোনও ভাবে গণধর্ষণের মামলায় তার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ না-করে। ঠিক যেমন এর আগেও একাধিক অপরাধ করেও পার পেয়ে গিয়েছে সে, এ বারও মনোজিত তেমন কিছুই আশা করছিল।
তবে এক্ষেত্রে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে গোয়েন্দা বিভাগ৷ কার কার সঙ্গে মনোজিত যোগাযোগ করেছিল, তা নিয়ে নিশ্চিত হতে মোবাইলের কল রেকর্ড ও টাওয়ার লোকেশন খুঁটিয়ে পরীক্ষা করছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, সেটা করতে গিয়েই গোয়েন্দাদের নজরে এসেছে, গত বৃহস্পতিবার সন্ধে ৬টা ২৫ মিনিট নাগাদ মনোজিত ও জ়ইবের মোবাইলের টাওয়ার লোকেশন ছিল বালিগঞ্জের ফার্ন রোডে।গোয়েন্দাদের সন্দেহ, কারও সাহায্য চাইতেই সে দিন বালিগঞ্জে গিয়েছিল দু’জনে। যদিও শেষরক্ষা হয়নি। তবে গ্রেফতারির ঘণ্টা খানেক আগে কার কাছে, কেন গিয়েছিল মনোজিতরা এবং তারপরে কখন সেখান থেকে কসবায় গেল, সেটা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে।

Be the first to comment