আজ ভারত বনধের ডাক ২৫ কোটিরও বেশি শ্রমিক- কর্মচারীর; কিসে কিসে পড়বে প্রভাব – জানুন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ দেশজুড়ে বনধের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে পথে নামছেন প্রায় ২৫ কোটিরও বেশি শ্রমিক-কর্মচারী, এমনটাই দাবী করা হয়েছে। যার জেরে এদিন ব্যাহত হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। দেখা যেতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ভোগান্তি।

এদিন সকালেই বনধ সফল করতে রাস্তায় নেমে পড়েছেন বাম কর্মী-সমর্থকরা। এদিকে যান চলাচল সচল রাখতে তৎপর পুলিশও।বনধের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে ব্যাঙ্ক, বিমা, কয়লাখনি, ডাক বিভাগ, সরকারি কারখানা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। পরিবহণ ও ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত জাতীয় স্তরের ব্যাঙ্কিং ইউনিয়নগুলি আনুষ্ঠানিকভাবে বনধে যোগ না দিলেও, সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কগুলির কর্মীরা বনধে সামিল হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে নগদ লেনদেন ও দৈনন্দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বহু জায়গায়। শুধু শ্রমিকই নয়, বনধে সংযুক্ত কিষাণ মোর্চাও সমর্থন জানিয়েছে। ফলে চাষিরাও পথে নামতে পারেন, বাড়তে পারে আন্দোলনের পরিসর।

বনধ ঘিরে সতর্ক রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে স্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। ইতিমধ্যে নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বনধের দিনে সরকারি অফিসে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*